
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রলি গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গিয়ে রিমন শেখ ওরফে ফুরকান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চর কাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিমন উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল মধ্যপাড়া এলাকার রুকু শেখের ছেলে। সে পানাইল ইউনাইটেড একাডেমির ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এলাকাসূত্রে জানা যায়, রিমন পড়ালেখার পাশাপাশি ভাড়াকৃত ট্রলি গাড়ি চালায়। বুধবার সকালে বকজুড়ি ঘাট থেকে ট্রলি গাড়িতে বালু নিয়ে কাতলাসুর গ্রামে যায়। পরে সেখানে বালু নামানোর সময় ট্রলি গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গেলে বগির নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
এবিষয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু শহিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রলি গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’ এদিকে এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য