
রবিউল হাসান লায়নঃ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা’ পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র প্রমুখ।
সমাবেশ থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, আবার নতুন করে সাম্প্রাদায়িক হামলা-সন্ত্রাস শুরু করেছে বিএনপি-জামায়াতরা। তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আজ সম্প্রীতি সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে। আওয়ামী লীগ রাজপথে আছে। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তি বিষদাত আমরা ভেঙ্গে দিতে পারব, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। বক্তারা আগামী দিনে সকল অপশক্তি রুখে দেওয়ার জন্য রাজপথে থাকার আহ্বান জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য