হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে পুজা মণ্ডপের আলাকসজ্জার জন্য টাঙানো একটি স্টিক লাইটের তারে বিদ্যুতায়িত হয়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ক্ষিতিশ মাহাতো বুদু (৪৫),  পলাশ মাহাতো (৩৫) ও ক্ষিতিশি মাহাতো (৪৪)। তাদের বাড়ি বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এবং তারা তিন জনেই ওই গ্রামের পুজা কমিটির সদস্য।

বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খান।   স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি বলেন, শেরপুরের বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের একটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে ওই মণ্ডপের চারপাশে অস্থায়ীভাবে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। মণ্ডপ থেকে একটি তারের লাইন টেনে নিয়ে পূর্ব দিকে প্রায় ৮০০ ফুট দূরে আলোকসজ্জার জন্য স্টিক লাইট লাগানো হয়। এই লাইটের তার বুদু মাহাতোর বাড়ির কাপড় শুকানোর জন্য টাঙানো জিআই তারের সংস্পর্শে চলে আসে। সোমবার সকাল নয়টার দিকে বুদু কাপড় টাঙানোর তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। ব্যাপারটি বুঝে পলাশ তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হয়ে যায়। এরপর তাদের দুজনকে উদ্ধার করতে গিয়ে ক্ষিতিশ  বিদ্যুতায়িত হন।

পরে ঘটনাস্থলে বুদু ও পলাশ মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ক্ষিতিশের। চেয়ারম্যান জাকির হোসেন বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে উপস্থিত হই। শেরপুর ইউএনও ও ওসি সাহেব ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নিবেন। এ বিষয়ে শেরপুর থানার (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!