
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে হঠাৎ করেই চুরির ঘটনা বেড়ে গেছে। প্রায়ই কোথাও-না কোথাও চুরির ঘটনা ঘটেই চলেছে। কেউ অভিযোগ করছেন আবার কেউ চুপচাপ সহ্য করছেন। চুরির ঘটনা বাড়লেও চোরকে আটক এবং চুরির মালামাল উদ্ধারে তেমন কোন অগ্রগতি নেই পুলিশের। এর ফলে রাত হলেই যেন চুরির আতঙ্ক বিরাজ করছে এলাবাসীর মধ্যে। যেন চুরির হিড়িক পড়েছে এমনটাই বলছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানাযায়, গত ৩মাসে পৌর শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু জায়গায় হানা দিয়েছে চোরেরা। তবে সাম্প্রতিক সময়ে বড় কয়েকটি চুরির ঘটনা ঘটে। এর ফলে অর্থ সংকটে পড়েছেন ঐ সকল ভুক্তভোগীরা। এসব চুরির ঘটনা ঘটলেও তা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়েনি বলে জানিয়েছে এলাকাবাসী। একের পর এক জায়গায় চুরি হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।
সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকার মধ্যে বেশি চুরির ঘটনা ঘটেছে তারাপুর ও পোঁওতা এলাকায়। গত ৮অক্টোবর পোঁওতা এলাকায় হাসান আলী ও রুবেল হোসেনের গরুর গোয়ালের তালা কেটে ৯টি গরু এবং পরদিন ওই এলাকায় মোঃ মোস্তাকিমের গ্যারেজের একটি চার্জার ভ্যান থেকে চারটি ব্যাটারি চুরি হয়েছে। এরপর তারাপুর এলাকার ১১অক্টোবর স্বপন চন্দ্রের বাড়ির আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। গত ৩মাসে ওই এলাকায় সাবের মন্ডলের ২টা গরু, আসলাম হোসেনের স্বর্ণালংকার ও নগদ টাকা, আছির উদ্দীনের অটোরিকশা, জাগাঙ্গীর হোসেনের অটোরিকশা, নাহিদ হোসেন,
আমজাদ হোসেন, রঞ্জিত, মোস্তফা কামাল, সাইদুল, সুজনসহ প্রত্যেকের বাড়ি থেকে একটি করে মোবাইল ফোন এবং ঢাকাপট্টি এলাকার মোঃ উজ্জ্বলের বাড়ি থেকেও একটি ফোন চুরি করেন চোরেরা। শুধু তাই নয় সান্তাহার সাইলো রোড এলাকার এক রাতে মতি, রাতুল, শাপলা, জোয়ারদারসহ ৪টি চাউলকলে চুরির ঘটনাও ঘটছে। প্রতিনিয়ত চুরি হলেও চোর বা চুরির মালামাল উদ্ধার করতে সক্ষম হয়নি আইন-শৃঙ্খলা বাহিনী।
এমন অবস্থায় চুরির মালামাল উদ্ধার, চোরদের আটক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছে এলাকাবাসী।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আমার কাছে শুধু গরু চুরির অভিযোগ আছে। অন্যান্য চুরির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান