
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় তরুণী মিম আক্তারের (১৯) মৃ/ত্যুর পাঁচ দিন পর ঘটনার সুষ্ঠু তদন্ত, রহস্য উদঘাটন এবং জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মেঘনা থানার প্রধান ফটকে প্রবেশকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় থেকে ঝাড়ু মিছিল শুরু হয়। পরে মিছিলটি মেঘনা থানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা থানা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের নিবৃত্ত করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ করেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শফিউল্লাহ শফি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মিম আক্তারের মৃ/ত্যুকে রহস্যজনক উল্লেখ করে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তদন্তের অগ্রগতি জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে মিম আক্তারের মরদেহ উদ্ধার করে মেঘনা থানা পুলিশ। মরদেহের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত হয়।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মৃ/ত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছিল পুলিশ।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত পর্যালোচনা করে মৃ/ত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫
ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৪ বসতঘরসহ পুড়ে ছাই, ৩ গরুর মৃত্যু
শ্বশুরবাড়িতে মিলল সাবেক ছাত্রদল নেতার মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের