
রবিউল হাসান লায়ন , জামালপুর
জামালপুর জেলা শহরের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তা মোড় এলাকায় এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে পাইপগান, গুলি, ককটেল ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৫ ঘণ্টার এই শ্বাসরুদ্ধকর অভিযানে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল শহরের পাঁচ রাস্তা মোড়ে অবস্থিত ‘মনোয়ারা আলী সুপার মার্কেট’-এর দ্বিতীয় তলায় আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনিরের চেম্বারে হানা দেয়। এ সময় পুরো ভবনটি কর্ডন করে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান শেষে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই আইনজীবীর কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে সেখান থেকে ২টি ওয়ানশুটার গান (পাইপগান), ৮ রাউন্ড তাজা গুলি, ৬টি ককটেল সদৃশ শক্তিশালী হাতবোমা, ২ বোতল পেট্রোল (যা নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা) এবং ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। একজন আইনজীবীর চেম্বারে কেন এবং কী উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরেজমিনে দেখা যায়, অভিযানের খবর ছড়িয়ে পড়লে ওই মার্কেটের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযানকালে জামালপুর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আইনজীবীকে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরও পড়ুন
টাঙ্গন ব্যারাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ
ডিমলায় শিশু শিক্ষার্থী দিয়ে শরীর ম্যাসাস, শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা
পোস্ট অফিস ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে সরিয়ে নিজেই কাজ করেন প্রকল্প পরিচালক