হোম » সারাদেশ » শ্বশুরবাড়িতে মিলল সাবেক ছাত্রদল নেতার মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের

শ্বশুরবাড়িতে মিলল সাবেক ছাত্রদল নেতার মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের

শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে আলী রেজা (২৫) নামে জেলা ছাত্রদলের এক সাবেক নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে শহরের পৌর ট্রাক টার্মিনাল এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আলী রেজা শহরের বাগরাকসা এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম কালুর ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

নিহতের পরিবারের দাবি, আলী রেজাকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পরিবারের অমতে আলী রেজা শহরের পৌর ট্রাক টার্মিনাল এলাকার বাসিন্দা ও নিরাপত্তাকর্মী মো. লুৎফর রহমানের মেয়ে লুৎফুন্নাহার লোপাকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরের ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সোমবার দিবাগত রাতের শেষ ভাগে অসুস্থ অবস্থায় আলী রেজাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। পরে তারা আলী রেজার পরিবারকে জানায়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের পরিবারের অভিযোগ, আলী রেজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। নিহতের বড় ভাই আলী হাসান ও চাচা একাব্বর আলী বলেন, “এই বিয়েতে আমরা রাজি ছিলাম না। আমাদের বিশ্বাস, পরিকল্পিতভাবে আলী রেজাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তবে এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আলী রেজার শ্বশুর মো. লুৎফর রহমান ও স্ত্রী লুৎফুন্নাহার লোপার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “প্রাথমিকভাবে নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণ করতে চেয়েছিলেন। পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ময়নাতদন্তের আবেদন করেন। তাই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!