হোম » সারাদেশ » দুপচাঁচিয়ায় মানিক হত্যা মামলার পলাতক প্রধান আসামি ফিরোজ গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় মানিক হত্যা মামলার পলাতক প্রধান আসামি ফিরোজ গ্রেপ্তার

‎ এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় বহুল আলোচিত মানিক চৌধুরী হত্যা মামলার পলাতক প্রধান আসামি ফিরোজ হোসেন (ওরফে কাকরুল)কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ মে দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামে ছাগলকে কলাপাতা ও ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ফিরোজ হোসেন (কাকরুল) ও তার ভাতিজা রেজাউল ইসলামসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে মানিক চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত মানিককে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি ফিরোজ হোসেন গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

‎দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল আসামিকে গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) রাতে বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামে অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি ফিরোজ হোসেন (কাকরুল)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

‎দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, “মানিক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

‎গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!