হোম » সারাদেশ » পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

সাব্বির আহামেদ , রাজশাহী সদর:
ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ছয়টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথনের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, পদ্মা নদী রাজশাহীর প্রাণ। জলবায়ু পরিবর্তন ও নানামুখী দূষণের হাত থেকে এই নদীকে রক্ষা করা আমাদের অস্তিত্বের লড়াই। যুবসমাজকে নদী রক্ষায় এভাবে এগিয়ে আসতে দেখে আমি আশাবাদী। নদী ও পরিবেশ সুরক্ষায় সিটি কর্পোরেশন সর্বদা এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।
অনুষ্ঠানে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা এবং সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম সানিসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে এবং স্থানীয় পর্যায়ে নদী দখল-দূষণ বন্ধে কঠোর আইনি পদক্ষেপ ও সামাজিক সচেতনতার ওপর জোর দেন।
মিনি ম্যারাথনটি সকাল ৬:০০ টায় লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণপূর্বক ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। সাড়ে সাত কিলোমিটারের এই ট্র্যাকে অংশ নেন বিভিন্ন বয়সী প্রায় ৫৫০ জন দৌড়বিদ। পরিবেশ রক্ষার এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো; ম্যারাথনে প্রায় ১৩৫ জন নারী প্রতিযোগী অংশ নেন।
ম্যারাথন শেষে অংশগ্রণকারীদের মাঝে সনদপত্র ও মেডেল বিতরণ করা হয়। পুরুষ ও নারী—উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নদী ও পরিবেশ রক্ষার এই ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন রাজশাহীর সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরা। আয়োজকরা জানান, নদী সুরক্ষায় জনসচেতনতা তৈরি করতে আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!