
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর থানায় দায়ের করা একটি অপহরণ মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গত শনিবার (২৭ জুন) মুন্সিগঞ্জ জেলার সদর থানার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করা হয়।
র্যাব জানায়, বগুড়া সদর থানার মামলা নং-৭৯ (তারিখ: ২৪ জুন ২০২৬), জিআর নং-৫০৬/২০২৬ (সদর), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জুন সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সিএনজিযোগে বগুড়া শহরের দিকে রওনা হয়। পরে নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, সকাল প্রায় ১১টা ১০ মিনিটে বগুড়া সদর থানাধীন দত্তবাড়ী সিএনজি স্টেশনের সামনে সিএনজি থেকে নামার পর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা জোরপূর্বক তাকে অপর একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে যে, মামলার প্রধান পলাতক আসামি মো. সোহানুর রহমান (২৫) গ্রেপ্তার এড়াতে মুন্সিগঞ্জ সদর থানার সিপাহীপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে র্যাব-১২ ও র্যাব-১১-এর যৌথ আভিযানিক দল শনিবার দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহানুর রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলার শাহাপুর গ্রামের মৃত মাহাবুব আলম বেলালের ছেলে।
গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জ সদর থানার মাঠপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, সংঘবদ্ধ অপরাধ, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনী।

আরও পড়ুন
জামালপুরের মেষ্টায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
উচ্চ প্রোটিনসমৃদ্ধ ‘সুপার ব্যানানা’ তৈরির তাত্ত্বিক মডেল উদ্ভাবন করল টাঙ্গাইলের মাদরাসা ছাত্রীরা
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ