হোম » সারাদেশ » জামালপুরে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল অভিযুক্তসহ ৬ জন গ্রেফতার

জামালপুরে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল অভিযুক্তসহ ৬ জন গ্রেফতার

রবিউল হাসান লায়ন,  জামালপুর
জামালপুরের ইসলামপুরে অটোরিকশা চালক নায়েব আলী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই। ঘটনায় মূল অভিযুক্ত মেলান্দহের চাকদহ গ্রামের কুদরত উল্লাহ্র পুত্র নাহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা অন্যরা হচ্ছে -একই এলাকার সোলাইমান কবির, শফিকুল ইসলাম, আব্দুল কাদের, রাসেল হোসেন  ও সাগর পাশা।
পিবিআই এর পুলিশ সুপার পংকজ দত্ত বুধবার বিকালে সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ইসলামপুর থানার পুলিশ বেনুয়ারচর এলাকায় একটি লাগেজের ভেতর থেকে নায়েব আলীর মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলে সে হত্যার দায় স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে নাহিদুল জানায়, অটোরিকশা ছিনতাই করে বিক্রির উদ্দেশ্যে সহযোগীদের নিয়ে নায়েব আলীকে হত্যা করা হয়। পরে মরদেহ লাগেজে ভরে নির্জন স্থানে ফেলে রাখা হয়।
অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিআই তার, নিহতের মোবাইল ফোন এবং চোরাই অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। প্রধান আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
পিবিআই বলছে, মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!