
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে বগুড়ার শেরপুরে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’-এর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) দুপুরে উপজেলার কানাইকান্দর ঘোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মো. নাদিম মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান। এছাড়াও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবক এবং সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিহাব, দপ্তর সম্পাদক সোহেল রানা এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
কর্মসূচির উদ্বোধনী পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা মাত্র। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজারেরও বেশি চারা রোপণ ও বিতরণ করা হবে। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে কৃষ্ণচূড়া গাছ রোপণের পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ ও নান্দনিক পরিবেশ উপহার দেবে।
আয়োজকরা বলেন, “গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই আমাদের এই উদ্যোগ।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন
“স্থানীয় কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ, কাউখালীতে সামাজিক বনায়নের লক্ষাধিক টাকার গাছ উধাও