
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাহাগোলা রেলস্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন এবং নওগাঁ শহরের চকরামচন্দ্র এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝিকরা এলাকায় এবং তিনি নজিবুর রহমান দেওয়ানে ছেলে। পরিবার সূত্রে জানা যায় তিনি নওগাঁর মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধি এবং নিজ গ্রামে তার একটি শাখা চালু আছে।
নিহত নেয়ামুল বাশিরের ভাই মিজানুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় বড় ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়েছিলো। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিলো। সে মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। কিন্ত তারপর থেকে মুঠোফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে হত্যা করতে পারে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে রেললাইনের পাশে নেয়ামুল বাশিরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় তার মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন
ধুনটে পানি শূন্য উপজেলা পরিষদ পুকুর, উন্নয়নে নেই প্রশাসনের কোনো পরিকল্পনা
রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি