হোম » সারাদেশ » বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া শহরের গোহাইল রোড সূত্রাপুর এলাকার বাসিন্দা মো. আবু নাঈম শেখ।
‎সোমবার (১৫ জুন ২০২৬) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জে কে এয়ার ট্রাভেলস নামে একটি রিক্রুটিং এজেন্সি তাকে লাওসে বৈধভাবে কাজের ভিসায় পাঠানোর আশ্বাস দিয়ে মোট ৫ লাখ টাকা গ্রহণ করে। এজেন্সিটির প্রধান কার্যালয় ঢাকার বনানীতে এবং শাখা কার্যালয় সান্তাহারের সোনার বাংলা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বলে তিনি জানান।
‎লিখিত বক্তব্যে আবু নাঈম শেখ বলেন, এজেন্সির বগুড়া প্রতিনিধি তরিকুল ইসলাম ময়েনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ হয়। পরবর্তীতে এজেন্সি বৈধ জনশক্তি ছাড়পত্র (ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স) দিতে ব্যর্থ হলে তারা তাকে বিমানবন্দর সংযোগের মাধ্যমে অবৈধভাবে বিদেশে পাঠানোর প্রস্তাব দেয়। এ সময় এজেন্সির চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সান্তাহার শাখার দায়িত্বপ্রাপ্ত এস এম লুৎফর রহমান এবং প্রতিনিধি ময়েন তাকে আশ্বস্ত করেন যে এ বিষয়ে কোনো ঝুঁকি থাকবে না এবং সকল দায়ভার তারা বহন করবেন।

‎তিনি আরও জানান, গত ৪ জুন তাকে ফ্লাইট দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে অর্থ গ্রহণের পরও টিকিট না দিয়ে বিভিন্ন অজুহাত দেখানো হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নেন। পরে পুলিশের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে দেওয়া ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হলেও বাকি অর্থ ও পাসপোর্ট সান্তাহার অফিস থেকে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।
‎সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পরবর্তীতে সান্তাহার অফিসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও অবশিষ্ট টাকা ও পাসপোর্ট ফেরত পাননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

‎আবু নাঈম শেখ বলেন, সম্প্রতি এজেন্সির মালিক জাহিদুল ইসলাম তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও পরবর্তীতে গত ১৩ জুন তাকে এবং তার স্ত্রীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়। এতে তার স্ত্রীর ফেসবুক আইডি ও ছবি ব্যবহার করে মানহানিকর প্রচারণা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‎সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং অবশিষ্ট টাকা ও পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবি করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
‎তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী হিসেবে তিনি প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!