
ইলিয়াছ শাহেদ গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
“মেধা-বিজ্ঞান, উদ্ভাবনের দেশ; সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা, বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে আয়োজিত এ কর্মসূচি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে উদ্ভাবন, গবেষণা ও বিজ্ঞানচর্চায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানের উপস্থাপনা করেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তৈয়বুর রহমান।
কর্মসূচিতে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল দৌলতদিয়া মডেল হাইস্কুল, জামতলা উচ্চ বিদ্যালয়, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, সানসাইন কলেজিয়েট স্কুল, গোয়ালন্দ প্রপার হাই স্কুল, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট, লোটাস কলেজিয়েট স্কুল, গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ এবং রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ।
প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ দ্বিতীয় এবং সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট তৃতীয় স্থান লাভ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তির পথে এগিয়ে চলা তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রদর্শনী হয়ে উঠেছে গোয়ালন্দের এই আয়োজন।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত