
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। এতে বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৫টি স্টল স্থান পায়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর নানা ধারণা উপস্থাপন করে। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত কার্যকর। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে বিজ্ঞান ও উদ্ভাবন চর্চাকে আরও এগিয়ে নেওয়া হবে।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
ধামগড়ে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চাইলেন মোমেন ভূঁইয়া
প্রাইভেট পড়তে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না, মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ
দক্ষিণ-পশ্চিমের রন্ধনরহস্য চুইঝাল: স্বাদে, সুগন্ধে ও অর্থনীতিতে অনন্য