
বগুড়া থেকে রায়হানুল ইসলাম
বগুড়া জেলা পরিষদের পর পর ৩ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাঃ মোঃ মকবুল হোসেন আর নেই। বুধবার (১০ জুন) দুপুর ১টায় বগুড়া শহরের নারুলী মধ্যপাড়া এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডাঃ মোঃ মকবুল হোসেন টানা ১৫ বছর বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর এই দীর্ঘ মেয়াদে বগুড়া জেলার অবকাঠামো ও সামাজিক খাতের কিছুটা উন্নয়ন হয়। এলাকায় একজন সৎ, আদর্শবান, জনবান্ধব ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর ব্যাপক সুনাম ছিল।
এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এই নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হওয়া মাত্রই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন
নাগরপুরে উৎসবমুখর পরিবেশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
সীমান্তে পুশইনের চেষ্টা: বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি, রামরামপুরে উত্তেজনা
ধামগড়ে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত