
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে বিহুলা বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা র ঘটনা বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিহুলা বেগম ওই গ্রামের মৃত রোখমান খানের স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিহুলা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলে পরিবারের দাবি। রোববার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান।
সোমবার সকাল ১০টা পার হয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় তার পুত্রবধূ ডালিয়া আক্তার ঘরের দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তিনি ঘরের কাঠের আড়ার সঙ্গে সুতার রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিহুলা বেগমকে ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুত্রবধূ ডালিয়া আক্তার ও প্রতিবেশী রহিমা বেগম রশি কেটে মরদেহ নিচে নামান।
ঘটনার সময় নিহতের ছেলে ছালাম খান (৪৫) গাজীপুরের রাসেল মার্কেটে তার কাঁচামালের ব্যবসায়িক কর্মস্থলে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং আত্মীয়-স্বজনদের বিষয়টি অবহিত করেন। পরে তিনি নাগরপুর থানায় একটি অপমৃত্যুর সংবাদ দেন।
খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন
বন্দর উপজেলা শ্রমিক দলের কমিটি ঘোষণা, লিটন আহ্বায়ক ও এহেসান উদ্দিন সদস্য সচিব
ভৈরব রেলওয়ে জংশন প্লাটফর্ম ভাংচুর ও থানা ভাংচুরের ঘটনায় ১ জন গ্রেফতার
বাঘার নওটিকায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন: ইউএনও’র অভিযানে ভেকু অকেজো, যন্ত্রাংশ জব্দ