
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় স্থানীয় আবাসন প্রতিষ্ঠান পিপলস সিটির ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালককে ভূমিদস্যু আখ্যায়িত করে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শহরের বইপট্টিতে হোটেল আয়োজনে ভুক্তভোগীর ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগীরা শহরের কোমাইগাড়ী মহল্লার বাসীন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুস সালাম বলেন- শহরের কোমাইগাড়ী মহল্লার বাসীন্দা মরহুম রিয়াজ উদ্দিন তার জীবদ্দশায় গত ১২-১-১৯৭৩ তারিখের ২১৪৯ নং রেজিস্ট্রি দলিলের মূলে কোমাইগাড়ী/১২২ মৌজার সাবেক ৪২০, ৪২০ ৯৬৪ দাগ সহ ৮২২ শতক সম্পত্তি ক্রয় করেন। আর.এস ১৫৮ নং খতিয়ানের হাল ৪৫৪ নং দাগ সহ। জীবদ্দশায় তিনি কোনো প্রকার সম্পত্তি হস্তান্তর বা বিক্রি না করেই মৃত্যুবরণ করেন। ফলে আমরা ২২ জন ওয়ারিশ আইনগতভাবে এই সম্পত্তির মালিক। গত ০৭-০১-২০২৬ তারিখে নামজারির পর আমরা নতুন হোল্ডিং খুলে খাজনা পরিশোধ করি।
কিন্তু শহরের কোমাইগাড়ী মহল্লায় পিপলস সিটি প্রতিষ্ঠার পর থেকে কর্তৃপক্ষরা আমাদের সম্পত্তি কম দামে হাতিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। আমরা কম দামে তাদের কাছে জমি বিক্রি করতে চাইনা। এজন্য তারা নওগাঁ-১ নং আমলী আদালতে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন (মামলা নং- ৭৮৮ সি/২০২৬)।
মামলায় যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন- ভুক্তভোগী দেওয়ান শহীদ, দেওয়ান মিজানুর রহমান ও মনোয়ার হোসেন।
এ বিষয়ে পিপলস সিটির পরিচালক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, আমরা যদি জোর জোবরদস্তি করতাম তারা আইনের আশ্রয় নিতে পারতো। কিন্তু তারা কেন নেয়নি। নিশ্চয় তাদের মধ্যে দূর্বলতা আছে এবং কিছু লুকানোর চেষ্টা করছে। তারা যে জাল দলিল করেছে তা থেকে বাঁচতে এ সংবাদ সম্মেলন করেছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন- তাদের কখনোই জোর করা হয়নি যে কম দামে আমাদের কাছে জমি বিক্রি করেন। বরং তারা নিজ থেকেই জমি বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে। যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। ঘটনাটি তদন্ত হলে এর সত্যতা বেরিয়ে আসবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু