
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা বিএনপির দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ অফিস সহকারী শহীদ মিয়া (৭০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৩১ মে) রাতে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই শেরপুর জেলা বিএনপির অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন শহীদ মিয়া। দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি ‘বিএনপি পাগল’ হিসেবে পরিচিত ছিলেন। দল ও দলের নেতাকর্মীদের প্রতি তাঁর ভালোবাসা, নিষ্ঠা ও আন্তরিকতা তাঁকে সবার কাছে একজন অনুকরণীয় কর্মী হিসেবে পরিচিত করে তুলেছিল।
জানা যায়, শহীদ মিয়া শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী ও ভক্ত ছিলেন। দলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুর খবরে শেরপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর ছবি শেয়ার করে গভীর শোক প্রকাশ করছেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করছেন।
শহীদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এবিএম মামুনুর রশীদ পলাশ এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দলীয় নেতাকর্মীদের মতে, শহীদ মিয়ার মতো নিবেদিতপ্রাণ কর্মীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে শেরপুর জেলা বিএনপি একজন বিশ্বস্ত, পরিশ্রমী ও আত্মনিবেদিত সংগঠককে হারালো।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত