
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে ওমর ফারুক নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকার বাড়ি মোড় বাউসী কেন্দুয়া সড়কের পাশে আব্দুল হান্নান মাস্টারের গভীর ডোবায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টায় সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভ্যানচালকের মরদেহ ও ভ্যান উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ধরাটি গাড়ো বাজার এলাকার গাড়ো সম্প্রদায়ের হেমন্তের ছেলে ডিজেন ধর্মান্তরিত হয়ে ওমর ফারুক (৩৫) নাম ধারণ করেন। সে খালেকের মোড়ের রফিক ফকিরের মুরগীর ফার্মে সারা দিন কাজ করে সন্ধ্যার পর অটোভ্যান চালায়। সোমবার রাতে ওমর ফারুক বাড়ি ফেরার পথে সেঙ্গুয়া সরকার বাড়ি মোড় এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানসহ ডোবার পানিতে তলিয়ে যায় এবং ঘটনা স্থলেই সে মারা যায় বলে ধারনা করছেন এলাকাবাসী। সকালে সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভ্যানগাড়ি সহ চালকের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে সুরতহাল করে লাশ এবং অটোভ্যান থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, ওমর ফারুক একজন নবমুসলিম ছিলেন। বিয়ের পর তিনি গারো ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। এছাড়া তিনি উপজেলার খালেকের মোড় এলাকার রফিক ফকিরের পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন। নিহত ওমর ফারুক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দীপ্তী (ভাটি গারো বাজার) গ্রামের হেমন্তের ছেলে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে ওমর ফারুকের মরদেহ এবং একটি ভ্যান উদ্ধার করা হয়। পরে মরদেহটি সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ডোবা থেকে একজন ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২