
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান এর অনুকূলে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ মশিউর রহমান খান বলেন, “ঈদের আনন্দ যেন শুধু ধনীদের মাঝে সীমাবদ্ধ না থাকে, সেজন্যই বর্তমান সরকার মহান জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে এই মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের কোনো মানুষ যেন ঈদ উদযাপনে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হেদায়েত উল্লাহ, মোঃ পারভেজ আলম ও মোঃ মোকাররম হোসেন মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, “অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত অসহায় ও দুস্থদের তালিকা প্রস্তুত করে এই সহায়তা প্রদান করা হচ্ছে। ঈদের আগে সরকারি এই সহযোগিতা দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে ঈদের বিশেষ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। আকস্মিক এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু