হোম » সারাদেশ » মোল্লাহাটে গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি, আনুমানিক ক্ষতি ৪ লাখ টাকা

মোল্লাহাটে গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি, আনুমানিক ক্ষতি ৪ লাখ টাকা

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গোয়ালঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের গাড়ফা নিলা মাঠ সংলগ্ন এলাকার কায়েম মোল্লার গোয়ালঘর থেকে গরুগুলো চুরি হয়।
চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে ২টি ষাঁড় ও ১টি বকনা গরু। ভুক্তভোগীর পরিবারের তথ্য মতে, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে গরু বেঁধে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর খালি দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন।
ভুক্তভোগীর ভাই মোঃ জাহিদ মোল্লা জানান, গত ২৪ মে (রোববার) মোল্লাহাটের ঐতিহ্যবাহী উদয়পুর গরুর হাট বসেছিল। এ কারণে দিন-রাত এলাকায় গরু পরিবহন ও চলাচল ছিল বেশি। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্র গরুগুলো সরিয়ে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, “আমরা তথ্য পেয়েছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে সংবাদ পাওয়ার পরপরই বাগেরহাট জেলার সব থানাকে অবহিত করা হয়েছে। সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে এবং তা চলমান রয়েছে। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে।”
এদিকে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে গরু চুরির আশঙ্কা বেড়ে যাওয়ায় সকল গরু খামারি ও গরুর মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!