
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে অ্যাপেনডিক্স অপারেশনের ত্রুটিজনিত ভুল চিকিৎসায় সাবিনা খাতুন (২৪) নামের এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর পর উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেন।
মঙ্গলবার (১৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মুজিব সড়কের ১নং খলিফা পট্টিতে অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সাবিনা খাতুন পৌর এলাকার জানপুর বটতলা মহল্লার আসিফ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, গত বুধবার (১৩ মে) সাবিনা খাতুন পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে অ্যাপেনডিক্স অপারেশনের জন্য ভর্তি হয়। পরের দিন দুপুর সাড়ে ৩টায় অ্যাপেনডিক্স অপারেশন করেন ডাঃ মুকুল হোসেন এবং এনেসথেশিয়া করেন জাকারিয়া হোসেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার ঠাঙ্গামারা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোগীকে বাঁচাতে পরিবারের দৌড়ঝাঁপ শুরু হয়। রোগির অবস্থান খারাপ হওয়ায় গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরা শিন শিন জাপান হাসপাতালে ভতি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২ টায় সাবিনা খাতুন মারা যায়। মঙ্গলবার বিকালে অ্যাম্বুলেন্স যোগে সিরাজগঞ্জ শহরের হাসপাতালে পৌঁছালে উত্তেজিত স্বজনরা পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি গোপন করেছে। না জেনে এক হাসপাতাল থেকে আরেকটিতে নিয়ে ঘুরতে হয়েছে। এতে রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় বারবার রক্ত দিতে হয়েছে। চিকিৎসকদের চরম অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো: কামাল হোসেন জানান, অ্যাপেনডিক্স অপারেশনের পর রোগি বেনস্টোক করে। পরে আমার উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠিয়ে দেয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগি ভুল চিকিৎসায় মারা গেছে কি না এটা আমি জানিনা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২