
আবুল হাশেম
রাজশাহীর বাঘা উপজেলার কালিদাসখালিতে গোলাগুলিতে স্বপন বেপারী নিখোঁজ এবং জিয়াউল হক আহত হয়েছেন। পুলিশের ধারণা, গুলিবিদ্ধ হয়ে স্বপন নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার কালিদাসখালি এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গভীর রাতে ১০-১২ জন দুষ্কৃতকারী হামলা চালিয়ে স্বপনকে গুলি করে হত্যা করে। পরে তারা ট্রলারে করে স্বপনের লাশ নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশে রক্তপাতের আলামত মিললেও স্বপনের সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে পুলিশের অভিযান চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।
স্থানীয়দের ভাষ্য, কালিদাসখালির চরে একদল ডাকাত নৌকা বা ট্রলারযোগে আসছিল। এ সময় স্বপন তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ফেললে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে গুলি ছোড়ে। গুলিতে স্বপন ও জিয়াউল আহত হন।
জিয়াউল হক পদ্মা নদীতে মাছ শিকার করে বাড়ি ফিরছিলেন। এলাকাবাসীর চিৎকার শুনে এগিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার