
বগুড়া থেকে রায়হানুল ইসলাম
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি ইজিবাইক, ২টি ওয়াকিটকি, ১টি প্রাইভেটকার এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ভোরে বগুড়া শহরের চারামাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ জনকে এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ থেকে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মুন্সীগঞ্জের মামুন শিকদার (৪০), বরিশালের মিঠু পাটোয়ারী (৩০), গাইবান্ধার সুমন মিয়া (৩০), পটুয়াখালীর জাকির হোসেন (৪০) ও নিজাম (৪৬)। এছাড়া ছিনতাইকৃত রিকশা কেনার অপরাধে রংপুরের ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও জাহিদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল টিএমএসএস হাসপাতালের সামনে থেকে এক চালককে ভয়ভীতি দেখিয়ে এবং ভুয়া পুলিশ পরিচয় দিয়ে একটি ইজিবাইক ছিনতাই করে চক্রটি। ওই ঘটনার তদন্তে নেমে ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে। আসামিদের বিরুদ্ধে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও দস্যুতার মামলা রয়েছে।
বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি’র অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ ফজলুল হক। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার