হোম » সারাদেশ » জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

রবিউল হাসান লায়ন: জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী ট্রেন ও সড়ক অবরোধ করেছেন। রোববার দুপুরে শেখের ভিটা রেলক্রসিং এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি প্রায় ৪০ মিনিট আটকা পড়ে। একই সঙ্গে জামালপুর-মাদারগঞ্জ সড়কে চলাচলকারী যানবাহনও স্থবির হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

খবর পেয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও ওসি (তদন্ত) এস এম নূর-মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। এতে ট্রেন ও সড়ক পথে যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে শেখের ভিটা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত ১০-১২ দিন ধরে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছেন তারা। ইতোমধ্যে এলাকায় চারজন সাপে কাটা রোগীর ঘটনাও ঘটেছে। বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে অবরোধের পরপরই পৌর কর্তৃপক্ষ ভেকু মেশিন নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!