
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শেরপুর পৌরসভা-এর কর্মকর্তা-কর্মচারীদের কারও ৩০ মাস, আবার কারও ৫৬ মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের অভিযোগ, ইজারা ছাড়াই বারোদুয়ারী হাট-এ খাজনা আদায় করছে একটি চক্র। অথচ সেই অর্থ পৌরসভার তহবিলে জমা না পড়ে লুটপাট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পৌরসভা সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী গত চৈত্র মাসের মধ্যেই বারোদুয়ারী হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা ছিল। চলতি অর্থবছরে হাটটির ইজারা মূল্য নির্ধারণ করা হয় ৮৪ লাখ টাকা। নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কেউ অংশ নেয়নি। ফলে বৈশাখের শুরু থেকে পৌরসভার কর্মচারীদের মাধ্যমে খাস আদায়ের কথা থাকলেও বাস্তবে ইজারা ছাড়াই খাজনা আদায়ের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
পৌরসভার টিকাদানকারী আফরুজা বেগম বলেন, “একদিকে টাকার অভাবে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইজারা ছাড়াই হাটের খাজনা তোলা হচ্ছে। কারা তুলছে, অফিসে জিজ্ঞেস করলে কেউ উত্তর দিতে পারে না। একটি সিন্ডিকেট পৌরসভার টাকা লুটপাট করছে, আর আমরা বেতন না পেয়ে কষ্টে আছি।”
সোমবার সরেজমিনে বারোদুয়ারী হাটে গিয়ে খাজনা আদায়ের সত্যতা পাওয়া যায়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়মিতভাবে বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করা হচ্ছে।
কাঁচাবাজারের ব্যবসায়ী নূরুল ইসলাম বলেন, “এখানে অনেক দোকান প্রতিদিন বসে। তাদের কাছ থেকে প্রতিদিন খাজনা নেওয়া হয়।”

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান