
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন–এর বগুড়া মহানগর ও জেলা শাখা। মঙ্গলবার আয়োজিত এ সম্মেলনে শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা দাবি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সংঘটিত Haymarket Affair–এর মধ্য দিয়ে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও চাকরির নিরাপত্তার দাবিতে বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের সূচনা হয়। দীর্ঘ ১৩৯ বছর পার হলেও এসব মৌলিক দাবি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি জানান, দিবসটি উপলক্ষে আগামী ১ মে সকাল ৮টায় বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি, ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অসহায় ও আহত শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী ও গেঞ্জি বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত ৩১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—ন্যায়ভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, খাতভিত্তিক মজুরি কাঠামো নির্ধারণ, সরকারি-বেসরকারি খাতে মজুরি বৈষম্য হ্রাস, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শ্রমজীবীদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ ও শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বন্ধ শিল্পকারখানা চালু, কৃষি উপকরণের মূল্য কমানো, নারী শ্রমিকদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা।
এছাড়া রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের অংশীদারিত্ব নিশ্চিত করা, সংসদ নির্বাচনে শ্রমিকদের জন্য সংরক্ষিত আসন রাখা এবং গণভোটে প্রতিফলিত জনগণের রায়ের ভিত্তিতে জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সকল শ্রমিককে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা