
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
কাউখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই রাশেদুল ইসলাম ও এসআই দীপক বালার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। আটককৃতরা হলেন—উপজেলার উজিয়ালখান গ্রামের আতিয়ার রহমানের ছেলে শহীদুল ইসলাম (৪৮) এবং কাউখালী কলেজ মোড়ের অস্থায়ী বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন (৩৪)। তল্লাশির সময় তাদের কাছ থেকে অবৈধ ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার