
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামে মেহেরুল ইসলাম নামের এক ব্যক্তি সরকারি রাস্তা দখল করে আধাপাকা ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে ওই গ্রামের শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন।
অবরুদ্ধ স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, “আমার বাড়ির পশ্চিম পাশ দিয়ে প্রায় ৮ ফুট প্রশস্ত একটি সরকারি রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে গ্রামের অধিকাংশ মানুষ চলাচল করতেন। মেহেরুল ইসলাম অবৈধভাবে সরকারি রাস্তার জায়গা দখল করে সেখানে আধাপাকা ঘর নির্মাণ করেছেন। এতে প্রায় ১০-১২টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে এবং শতাধিক মানুষ চলাচলে দুর্ভোগে পড়েছেন।”
স্রষ্ট মিয়া নামের এক দুগ্ধ খামারি বলেন, “রাস্তা দখল হয়ে যাওয়ায় আমরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি না। এতে আমার খামারের ব্যাপক ক্ষতি হচ্ছে।”
আবুল হোসেন খন্দকার জানান, “সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের সময় আমরা গ্রামবাসী প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কিছু মহিলাকে সেখানে মোতায়েন করা হয়েছিল। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলার ভয় দেখালে আমরা সম্মানের ভয়ে সেখান থেকে সরে আসি।”
আমিনুল ইসলাম বলেন, “সরকারি রাস্তা দখল হওয়ার কারণে আমরা হাট-বাজারে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে চরম সমস্যায় পড়েছি।” তিনি এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছেন।
অভিযোগের বিষয়ে মেহেরুল ইসলাম বলেন, “আমি আমার পৈত্রিক সম্পত্তিতে আধাপাকা ঘর নির্মাণ করেছি।”
এ বিষয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, “সরকারি রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক