
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক নবমুসলিম যুবকের মৃত্যু ঘিরে জানাজা নাকি সৎকার—এ নিয়ে সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি ও উত্তেজনা।
১৬ এপ্রিল, বৃহস্পতিবার উপজেলার আটজুড়ী ইউনিয়নের আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার ঐ যুবকের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে শুকলাল পোর্দ্দার (৪০) ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় সোহাগ। পরে ইসলামী রীতি অনুযায়ী সুন্নতে খাৎনা সম্পন্ন করে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামের আবুল ফজল মুন্সীর কন্যা মমতাজ মীমকে বিয়ে করেন। তাদের ১২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।
গত তিন বছর ধরে সোহাগ তার মাকে নিয়ে মোল্লাহাটের দত্ত ডাঙ্গা রাই রসরাজ সেবা আশ্রমে বসবাস করছিলেন। ঘটনার দিন সেখানে অবস্থানকালে তিনি স্ট্রোক করেন। আশ্রম কর্তৃপক্ষ তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর হিন্দু সম্প্রদায়ের লোকজন তার মরদেহ উত্তর আমবাড়ি শ্মশানে নিয়ে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সৎকারের প্রস্তুতি নেয়। এ সময় খবর পেয়ে তার স্ত্রী মমতাজ মীম সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। তিনি দাবি করেন, সোহাগ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাই ইসলামী শরীয়াহ অনুযায়ী জানাজা ও দাফন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে, সোহাগের মা দাবি করেন, তার ছেলে ধর্ম পরিবর্তনের বিষয় তিনি জানেন না। তিনি আরও বলেন, ছেলের সঙ্গে মুসলিম স্ত্রীর বিচ্ছেদ হয়েছে। তবে স্ত্রী মমতাজ মীম ওই ডিভোর্সের কাগজ জাল বলে দাবি করেছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, মরদেহ দাফন বা সৎকারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে যথাযথ প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের