হোম » সারাদেশ » বগুড়ায় র‍্যাব-১২ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

বগুড়ায় র‍্যাব-১২ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধি: বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে একটি হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ‎র‍্যাব সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা পূর্বপাড়া গ্রামে গত ২৫ মার্চ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে জাকারিয়া ইসলাম ওরফে শয়ন (২৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় নিহতের মা মোর্শেদা বেগম বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে মামলার পলাতক আসামী মোঃ মান্নান (৫৫) ধুনট উপজেলার ঝিনাই গ্রামে অবস্থান করছে। পরে গত ১ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। ‎র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!