
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) পদ শূন্য থাকায় জমি সংক্রান্ত নাগরিক সেবা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে জমি ক্রয়-বিক্রয়, খারিজ (নামজারি)সহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
খারিজ কার্যক্রম বন্ধ থাকায় জমির দলিল সম্পাদন দীর্ঘদিন ধরে ঝুলে আছে। অনেকেই জমি ক্রয় বা বিক্রয় করলেও নামজারি সম্পন্ন করতে না পারায় আইনি জটিলতায় পড়ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কালেরপাড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা জাকির হোসেন প্রায় তিন মাস দায়িত্ব পালনের পর দুই মাস আগে অবসর গ্রহণ করেন। তার অবসরের পর থেকেই খারিজ কার্যক্রম বন্ধ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, গত দুই মাস ধরে ভূমি অফিসে ঘুরেও কোনো সেবা পাওয়া যাচ্ছে না। প্রতিবারই ‘নায়েব নেই, পরে আসেন’—এমন কথা বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
এদিকে, নায়েবের অনুপস্থিতিতে অন্যান্য সহকারী কর্মকর্তারাও সেবা প্রদানে অনীহা দেখাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে সাধারণ পরামর্শমূলক সেবাও থেকে বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারা। স্থানীয়দের আরও অভিযোগ, অতীতে কালেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা ঘটেছে, যা নিয়েও অসন্তোষ বিরাজ করছে।
অন্যদিকে, অফিসের অবকাঠামোগত অবস্থাও নাজুক। সেখানে কোনো সাইনবোর্ড বা নাগরিক নির্দেশিকা নেই। কাঠের দরজা-জানালাগুলোও জরাজীর্ণ, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন বলেন, “ভূমি অফিসটি আমার কার্যালয়ের পাশেই অবস্থিত। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কর্মকর্তা না থাকায় সাময়িকভাবে সেবায় বিঘ্ন হওয়াটা স্বাভাবিক।”
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত নতুন কর্মকর্তা যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা