হোম » সারাদেশ » সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলা সুত্রে জানা যায়, গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে নাস্তিক বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেন।

বাদীর আইনজীবীদের দাবি, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে জড়িত। কিন্তুমুফতি আমির হামজার এ ধরণর কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। তাই দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়।

এদিকে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরাও মুফতি আমির হামজার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা জানান, একজন সজ্জন রাজনীতিক ও সাবেক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এ ধরণের নির্লজ্জ মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনজীবীরা সরকারকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!