হোম » সারাদেশ » মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী সোহাগ শেখ নিহত

মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী সোহাগ শেখ নিহত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মোল্লাহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১৪ মার্চ) রাত প্রায় সোয়া ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা পানের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ বীর মুক্তিযোদ্ধা মোঃ দাউদ আলী শেখের ছেলে এবং জামায়াত নেতা শেখ ইয়াসিনের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ শেখ গাড়ফা বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান “শেখ ট্রেডার্স” বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি উদয়পুর দৈবকান্দিতে ফিরছিলেন। পথে গাড়ফা পানের হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার (১৫ মার্চ) বিকেলে ময়নাতদন্ত শেষে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উদয়পুর দৈবকান্দি নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে গাড়ফা পানের হাট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!