
সদর প্রতিনিধি, রাজশাহী:
ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারনামীয় মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সদর কোম্পানি, রাজশাহী।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা মিলনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে জড়িত থেকে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ও জুয়া আইনে মামলা রয়েছে। এছাড়া রাজশাহীর তানোর থানাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। র্যাবের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ১৩টি মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক