হোম » সারাদেশ » বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত: পুলিশের টহল ডিউটির শিথিলতায় বাড়ছে অঘটন

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত: পুলিশের টহল ডিউটির শিথিলতায় বাড়ছে অঘটন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শহরে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত সাদ্দামের বাবা মোঃ আব্দুল মান্নান (৬৪) বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন বগুড়া শহরের স্টেশন রোডে বিআরটিবি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত “সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপ” নামের একটি ইলেকট্রিক দোকানের মালিক। গত মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি পায়ে হেঁটে অন্নপূর্ণা হোটেলের গলি দিয়ে সাতমাথার উত্তরের মূল সড়কের দিকে যাচ্ছিলেন।

‎এ সময় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি পিছন থেকে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে থাকা বার্মিজ চাকু দিয়ে তারা সাদ্দামের পিঠে পরপর দুটি আঘাত করে, এতে তার পিঠের বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে হামলাকারীদের একজন হত্যার উদ্দেশ্যে তার বাম পাঁজরে আঘাত করতে গেলে সাদ্দাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার বাম হাতের কব্জির উপরে গভীর কাটা জখম হয়।

‎সাদ্দামের ডাক-চিৎকারে আশেপাশের পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় পথচারীরা একটি সিএনজিযোগে তাকে উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎আহতের বাবা আব্দুল মান্নান জানান, পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে তার ধারণা। তবে ঘটনার পর বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

‎স্থানীয়দের অভিযোগ, বগুড়া শহরে পুলিশের টহল ডিউটির প্রতি অনীহা দেখা দেওয়ায় এ ধরনের অপরাধের ঘটনা ক্রমেই বাড়ছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং শহরে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!