
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে চাঁদা দাবি, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর পরিবার। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীর স্ত্রী স্বপ্না আক্তার। তিনি বলেন, তার স্বামী আসাদুজ্জামান কিরণ (পোল্যান্ড প্রবাসী) গত ২৬ ফেব্রুয়ারি সকালে বাড়িতে অবস্থানকালে একই এলাকার খাইরুল ইসলাম (সাংবাদিক) তার সহযোগীদের নিয়ে তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দিনই ইফতারের আগ মুহূর্তে খাইরুল ইসলাম ও তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাদের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং বাধা দিতে গেলে পরিবারের একাধিক সদস্যকে মারধর করে আহত করে। আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলে দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, পরবর্তীতে প্রতিপক্ষ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং ২৭ ফেব্রুয়ারি ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনও করে। এতে তার স্বামীসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বপ্না আক্তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি করেন তিনি। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশী মহিলারা বিক্ষোভের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন। পোল্যান্ড প্রবাসী আসাদুজ্জামান কিরন ভিডিও কলে সাংবাদিকদের জানান, আমি ছুটিতে বাড়ি গিয়ে একটি দোতলা ঘর নির্মাণ করার প্রস্তুতি নিলে খাইরুল ও তার সহযোগীরা আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুরও লুটপাট করে আমার বৃদ্ধ মা ও আমাকে সহ পরিবারের একাধিক সদস্যকে রক্তাক্ত যখয করে। আমি ভয়ে পোল্যান্ডে চলে আসি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় নজরুল পক্ষের মামলা হয়েছে। পোল্যান্ড প্রবাসী পক্ষের অভিযোগ তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার