হোম » সারাদেশ » নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল গুরুতর আহত হয়েছেন। রবিবার (১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত শাকিল পৌর শহরের মাঝগ্রাম মহল্লার শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি শাকিল। পরে ইফতারের পর বাসস্ট্যান্ড এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় অভিযোগ উঠেছে, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও তার সঙ্গে থাকা ১০ থেকে ১৫ জন সহযোগী হামলায় অংশ নেন। অভিযুক্ত পলিন একই এলাকার আব্দুর রউফ স্ট্যালিনের ছেলে।
স্থানীয় নেতারা জানান, শাকিল ও পলিনের মধ্যে দীর্ঘদিন ধরে সাংগঠনিক বিরোধ চলছিল। ঘটনার রাতেই বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন হাসপাতালে গিয়ে আহত শাকিলের খোঁজখবর নেন। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, কারও শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরুক, তা আমরা চাই না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান।
এদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক পৃথক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!