হোম » সারাদেশ » নওগাঁয় পুকুর থেকে পিতলের মূর্তি ও বাটি উদ্ধার

নওগাঁয় পুকুর থেকে পিতলের মূর্তি ও বাটি উদ্ধার

জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় পুকুরে মাছ ধরার সময় সাতটি ছোট পিতলের মূর্তি ও দুইটি বাটি উদ্ধার করে থানা পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে এসব পাওয়া যায়। রাত সাড়ে ৯ টায় জেলা পুলিশের মিডিয়া সেলে এ তথ্য দেওয়া হয়।

পুকুর মালিক মোহাম্মদ মন্টু ফকির বলেন- পুকুরে মাছ ধরার জন্য রহি (১৫),  তৌফিক (১৫),  বিসা (৫৪),  রিয়াদ (২২) সহ কয়েকজন জাল নিয়ে পুকুরে নামে। জাল উঠানোর সময় মাছের সাথে পিতলের সাতটি ছোট মূর্তি ও দুইটি বাটি এবং ব্রোঞ্জের রিং যুক্ত একটি কাঠের লাঠিও উঠে আসে। বিকেলে থানা পুলিশ এসে সেগুলো থানায় নিয়ে যায়।

নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ সাতটি ছোট পিতলের মূর্তি ও দুইটি পিতলের বাটি  এবং ব্রোঞ্জের রিং যুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করে। প্রাথমিকভাবে স্বর্ণকার কর্তৃক পরীক্ষা করে জানা যায় মূর্তিগুলো কাসা/ব্রোঞ্জ  অথবা পিতলের তৈরি যার বিশেষ কোন মূল্য থাকতে পারে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!