হোম » সারাদেশ » গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে নিরভানা রিসোর্ট অ্যান্ড পার্কে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক সারাজাহান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ ফিরোজ। সভা সঞ্চালনা করেন গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে এ আলম, কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক জিএস ও সংগঠনের উপদেষ্টা শেখ লুৎফর রহমান লাতু এবং সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট আমিনুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। বস্তুনিষ্ঠ, নৈতিক ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে দৃঢ় ভূমিকা রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য। পেশাগত নৈতিকতা বজায় রেখে সত্য প্রকাশের মাধ্যমে জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে আব্দুর রশিদ, সহসভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সুব্রত চন্দ্র দাস, দপ্তর সম্পাদক আক্তার হোসাইন, কোষাধ্যক্ষ মো. রাকিব হোসেন এবং প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রুবেল দায়িত্ব গ্রহণ করেন।
নবগঠিত কমিটির নেতারা বলেন, পেশাজীবী সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, দক্ষতা উন্নয়ন এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করাই তাদের অঙ্গীকার।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ পরিচিতি সভা সফলভাবে সম্পন্ন হয়। পরিচিতি সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!