
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটে জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে বিদেশে পাচারকৃত লুটের টাকা ফিরিয়ে আনা হবে। অতীতের মতো আর কেউ সরকারি কোষাগার থেকে অর্থ চুরি করতে পারবে না।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা ও শহর জামায়াতে ইসলামীর আয়োজনে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ। জনগণ জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করা হবে। আমরা বিভক্ত বাংলাদেশ চাই না, সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।
আমিরে জামায়াত বলেন, যারা অতীতে জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে, তাদের পরিণতি জনগণ দেখেছে। ভবিষ্যতে যারা জনগণকে ধোঁকা দিতে চাইবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেউ অতীতে চাঁদাবাজি করেনি, বর্তমানে করে না এবং ভবিষ্যতেও করবে না। আমরা নিজেরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না।
নারীদের বিষয়ে তিনি বলেন, নারীরা আমাদের মায়ের জাত। তাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নারীরা রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কেউ নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেললে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যুবকদের বেকার অবস্থায় দেখতে চাই না। ভাতা দিয়ে নয়, কাজের সুযোগ সৃষ্টি করে যুবকদের সম্মানের সঙ্গে আত্মনির্ভরশীল করা হবে। যুবক-যুবতীদের হাতে কারিগরি ও উৎপাদনমুখী কাজ তুলে দেওয়া হবে।
তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বগুড়া জেলার সাতটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন।
বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামায়াত ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান শেরপুরে বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দবিবুর রহমানের পথসভায় অংশ নেন। এর আগে সকালে তিনি গাইবান্ধা থেকে বগুড়ায় এসে মোকামতলা মহিলা কলেজ মাঠে বগুড়া-২ আসনের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের পথসভায় বক্তব্য দেন।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন