
রবিউল হাসান লায়ন, জামালপুর
মাদক পাচার রোধে বড় সাফল্য অর্জন করেছে জামালপুর র্যাব-১৪। সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে র্যাবের আভিযানিক দল।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মোকছেদপুর নয়াপাড়া এলাকা থেকে একটি ট্রাকে করে বিদেশি মদ বকশীগঞ্জের দিকে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি দল মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেওয়া হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ট্রাকসহ তিনজনকে আটক করা সম্ভব হয়।
পরবর্তীতে ট্রাক তল্লাশি করে ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদক নির্মূলে র্যাবের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক