হোম » সারাদেশ » নির্বাচনী প্রচারণার শুরুতেই শেরপুরে বিএনপির বিশাল জনসভা

নির্বাচনী প্রচারণার শুরুতেই শেরপুরে বিএনপির বিশাল জনসভা

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার প্রথম দিনেই শেরপুরে বিএনপির ধানের শীষ প্রতীকের জনসভায় মানুষের ঢল নামে।

জনভোগান্তি এড়াতে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের বাইরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এই জনসভার আয়োজন করা হয়। দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা হযরত আলী, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, সাইফুল ইসলাম, আবু রায়হান রুপন, কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, তার অংশ হিসেবেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তা মাথা পেতে গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য আজ এই জনসমুদ্রে দাঁড়িয়ে ক্ষমা চাইছি। নির্বাচিত হতে পারলে একটি শান্তিপূর্ণ শেরপুর গড়ে তুলবো। কোনো অপরাধী, চাঁদাবাজ বা জুলুমকারীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না-সে আমার দলের হোক বা আত্মীয় হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরে প্রিয়াঙ্কা বলেন, “শেরপুরের মানুষের মতামত নিয়ে সমতা ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক মুক্তির একটি পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরা হবে।”

তিনি বলেন, “আজ থেকে প্রচারণা শুরু হলো। আমি সব জায়গায় যেতে পারবো না, তবে যারা আজ এখানে এসেছেন তারা আমার হয়ে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবেন। সীমান্তের উপেক্ষিত কন্যা শেরপুরে যেন কোনো জালেম, অত্যাচারী বা দখলবাজ সৃষ্টি না হয়-সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি বিভ্রান্ত ভোটারদের উদ্দেশে বলেন, “দল ও দেশকে ভালোবেসে আসুন, ধানের শীষের পক্ষে কাজ করুন।”

প্রিয়াঙ্কার বক্তব্য চলাকালে পুরো মাঠ জুড়ে ধানের শীষের পক্ষে মুহুমুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!