
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি কে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে তাঁকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। বহিষ্কার চিঠিতে তাঁকে মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীকে ভোটে লড়ছেন।
এদিকে বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, পারভেজ আরেফিন সিদ্দিকী জনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য গঠনতন্ত্র ৫ (গ) ধারা মোতাবেক তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিন রাত সাড়ে ১১টায় প্রতিক্রিয়া জানতে চাইলে সদ্য বহিস্কৃত মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি মুঠোফোনে বলেন, এবিষয়ে আমি এখনও জানিনা বা দেখিনি। লোক মুখে শুনেছি। বহিষ্কার একটা চলমান প্রক্রিয়া। আইন অনুযায়ী অবশ্যই বহিষ্কার করবে, যেহেতু আমি ধানের শীষের বিরুদ্ধে ভোট করছি। তবে এখানে প্রার্থী থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কারণ নির্বাচন গণতান্ত্রিক অধিকার। ভোটে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণের চাপেই দাঁড়িয়েছি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান