হোম » সারাদেশ » দেশসেরা শিক্ষা অফিসার বগুড়ার রমজান আলী আকন্দ

দেশসেরা শিক্ষা অফিসার বগুড়ার রমজান আলী আকন্দ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ‎জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে দেশের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বগুড়ার জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। শিক্ষা প্রশাসনে দক্ষতা, শিক্ষার মানোন্নয়নে উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম বাস্তবায়ন, বিদ্যালয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ডি-নথি ও ওয়েব পোর্টালসহ বিভিন্ন ডিজিটাল কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

‎শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক অনুষ্ঠানে গত ২০ জানুয়ারি রাজধানীর জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে শ্রেষ্ঠ শিক্ষা অফিসারের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। দেশের বিভিন্ন জেলা থেকে মনোনীত শিক্ষা কর্মকর্তাদের মধ্য থেকে সার্বিক মূল্যায়নের ভিত্তিতে জাতীয় বিচারক প্যানেল তাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করে।
‎রমজান আলী আকন্দ বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি ২০২৪ সালের ১৭ ডিসেম্বর বগুড়া জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি নাটোর ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

‎সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় রমজান আলী আকন্দ বলেন, “এই স্বীকৃতি কোনো একক অর্জন নয়। বগুড়া জেলার সকল শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চাই।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!