
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামে একটি নতুন রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে সড়কটির নির্মাণ কাজ। খুঁটিটি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত হওয়ায় নিয়ম মেনে স্থানান্তরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন ও প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া হলেও মিলছে না কার্যকর কোনো সাড়া।এতে সাধারণ পথচারীসহ এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
কাজ শুরুর আগেই জানানো হয়েছিল বৈদ্যুতিক খুঁটি সরানো হবে। কিন্তু রাস্তার কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হলেও এখনো সরানো হয়নি পল্লী বিদ্যুতের সেই খুঁটি। কবে খুঁটি সরানো হবে—তা জানেন না ঠিকাদারসহ এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলিগাঁও ক্লাব মোড় থেকে কলিগাঁও স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার ওপর ইটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং দু’পাশে করা ইটের রেজিং ঢালু হয়ে ভেঙে পড়ছে। ফলে স্থানীয়দের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ক্ষতির মুখে পড়ছে ঠিকাদারি প্রতিষ্ঠানও।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, মাসুদসহ একাধিক ব্যক্তি বলেন, “একটি ছোট বিদ্যুৎ খুঁটি তিন মাস ধরে সরানো হচ্ছে না। আমাদের মনে হয় পল্লী বিদ্যুৎ অফিস ইচ্ছাকৃতভাবেই গড়িমসি করছে।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সোহেল রানা বলেন, “পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী খুঁটি স্থানান্তরের জন্য আবেদন করেছি এবং নির্ধারিত টাকাও জমা দেওয়া হয়েছে। তারপরও কোনো কাজ হচ্ছে না। এতে আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে।”
এ বিষয়ে রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক এনামুল হক বলেন, “খুঁটি স্থানান্তরের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক