
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া বাজারে মের্সাস ফজলু এন্টারপ্রাইজকে অবৈধভাবে গ্যাস মজুত ও অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় এবং অবৈধভাবে গ্যাস মজুত রাখায় মের্সাস ফজলু এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্যাশ মেমো ও মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দোকানিদের সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এ সময় তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বাসাইল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ যদি অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রয় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, ইতিপূর্বেও একই অপরাধে বাসাইল বাসস্ট্যান্ডের তিনটি প্রতিষ্ঠান—মের্সাস আলম, লিটন মেশিনারিজ ও আসলাম এন্টারপ্রাইজকে জরিমানার আওতায় আনা হয়েছিল।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক