হোম » সারাদেশ » ‎বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে তারেক রহমান ও খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

‎বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে তারেক রহমান ও খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

‎রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

‎অপরদিকে, বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামাল তালুকদার লালু। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলালসহ দলীয় নেতাকর্মীরা।

‎মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

‎মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি বলেন, ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!